জেলা এনএসআই চট্টগ্রাম তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় অবৈধ মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।এ সময় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার সময় ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।বর্তমানে জব্দকৃত স্ক্যাভেটর ও ডাম্পার ট্রাকগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রয়েছে বলে জানা যায়।অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশ, আনসারসদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মং এছেন জানান, জমির উর্বরতা রক্ষায়, মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। প্রতিনিয়ত মাটি, বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ফসলি জমির টপসয়েল নষ্ট ও কৃষি জমির মাটি কাটার অপরাধে উপজেলার পদুয়া আলি সিকদার পাড়ায় অভিযান পরিচালনা করে ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। মাটিখেকোরা দ্রুত পালিয়ে যায়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।