প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫
নাইক্ষ্যংছড়িতে শিক্ষিকা ছিনতাইয়ের ঘটনায় এক মার্মা যুবক আটক
আনোয়ার হোছাইন :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদ্যালয়ে যাওয়ার পথে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিনতাই ও হামলার শিকার হয়েছেন।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে।এ ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্ত উপজাতি যুবক অংসিপ্রু মার্মা (২৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।জানা গেছে, নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে টিফিনে বাড়িতে খেয়ে স্কুলে ফেরার পথে পাশের জঙ্গলে আগে থেকে ওতপেতে থাকা এক উপজাতি যুবক তার ওপর হামলা চালায়।সে প্রথমে শিক্ষিকার মাথায় আঘাত করে, পরে কিল-ঘুষি ও গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এ সময় শিক্ষিকার চিৎকারে পাশের বাড়ির নুরুল আলম নামের এক ব্যক্তি দৌড়ে এলে হামলাকারী তার কাছ থেকে মোবাইল ফোন, টাকা, ব্যাংক চেক বই, ব্যাগ ও স্বর্ণের দুল ছিনিয়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হামলাকারীকে ধরতে অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে একটি কালো প্রিন্টের জামা উদ্ধার করা হয়।বর্তমানে আহত শিক্ষিকা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শিক্ষিকা বলেন, “স্কুলে ফেরার পথে হঠাৎ করে এক উপজাতি যুবক আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে পড়ে গেলে সে বেধড়ক মারধর শুরু করে এবং গলা টিপে হত্যার চেষ্টা চালায়। আমার মোবাইল, টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়। আমি তাকে চিনতে পেরেছি সে এক উপজাতি যুবক।”নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার শফিকুর রহমান বলেন, “ঘটনার পর উপজেলা প্রশাসন, শিক্ষক সমাজ ও স্থানীয় হেডম্যান কারবারিদের নিয়ে বৈঠক হয়। প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে আটক করার আল্টিমেটাম দেওয়া হয়।”এরই প্রেক্ষিতে বুধবার (৮ অক্টোবর) বিকেলে এলাকাবাসী ধুংরী হেডম্যানপাড়ার অংসিপ্রু মার্মা প্রকাশ কানাইয়া (২৫)-কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। সে ওই এলাকার মংহ্লা প্রু মার্মার ছেলে।নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিক্ষিকার ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অংসিপ্রু মার্মাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”এ ঘটনায় শিক্ষক সমাজ ও স্থানীয় সাধারণ মানুষ হামলাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত