প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫
টেকনাফে র্যাবের অভিযানে মুক্ত ২২ জন অপহৃত ভিকটিম
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে র্যাবের দুঃসাহসিক অভিযানে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। র্যাব-১৫ এর সদস্যরা ২৬ অক্টোবর (রবিবার) রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করেন।র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল গভীর রাতে চিরুনি অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে করাচিপাড়ার দূর্গম পাহাড় থেকে ২১ জন রোহিঙ্গা ও ১ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ২২ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।র্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমদের মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা হয়েছিল এবং সুযোগ পেলে সাগরপথে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা ছিল মানব পাচারকারীদের। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।ভিকটিমদের দেওয়া তথ্য ও র্যাবের গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে পাচারকারী চক্রের সদস্যদের পরিচয় সনাক্ত করা হয়েছে। এরা হলেন—১। মোঃ খলিল (৪৫), ২। রাশেদুল ইসলাম (২০), ৩। জাহানারা (৪১), ৪। আব্দুল্লাহ মেম্বার (৩৫),৫। আব্দুল (২৬), ৬। আব্দুর রশিদ (২৮), ৭। শহিদুল্লাহ (২২), ৮। ওসমান গণি (২৬), এবং ৯। ইয়াকুব (৩৫)।তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচিপাড়া এলাকার বাসিন্দা।উদ্ধারকৃত এক ভিকটিম মোবারক (১৭) জানান, গত ১৩ অক্টোবর বিকেলে কক্সবাজার সদর থানার কলাতলী এলাকা থেকে তাকে কৌশলে অপহরণ করা হয় এবং পরবর্তীতে পাহাড়ে এনে আটকে রাখা হয়।র্যাব-১৫ জানায়, মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত