প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
পোল্ট্রি খামারের দূষিত বর্জ্যে কৃষকের ৪০ শতক জমি ধ্বংস, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
রোমানা আক্তার :
পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ছাড়াই চলছে পোল্ট্রি খামার। আর এই খামারের সৃষ্ট বর্জ্য ও নিষ্কাশিত দূষিত পানিতে বিনষ্ট হচ্ছে স্থিত ৪০ শতক ধান চাষের কৃষি জমি। উৎকট দুর্গন্ধে অতিষ্ঠ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী। এমনকি বর্জ্যে গতিরোধ করেছে চলাচলের পথও। মুরগির বর্জ্য ও বিষাক্ত পানির দ্বারা আশেপাশের গ্রামের পরিবেশ ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। জানা যায়, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মুন্সীরবিল ৯নং ওয়ার্ড এলাকায় স্থানীয় গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, সাহাব উদ্দিন ও সাজ্জাদ কবিরসহ ৪ জনের নেতৃত্বে একটি পোল্ট্রি খামার প্রতিষ্ঠা করেন। এই খামারে প্রায় ১ লাখ মুরগি পালন করা হয়, কিন্তু মুরগির উৎপাদিত বর্জ্য ব্যবস্থাপনার কোনো আধুনিক প্রযুক্তি বা বর্জ্য শোধনাগার ব্যবহার করা হচ্ছে না।
ফলে খামারের বর্জ্যে স্থিত ৪০ শতক ধান চাষের জমি বিনষ্ট হচ্ছে। এসব অভিযোগে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে বক্তব্য নিতে ফোন করা হলে, তিনি কোন মোবাইল ফোন রিচিব করেননি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পোল্ট্রি খামারের বর্জ্যে এসে আমন ধানের চাষবাদ ধ্বংস করছে। কৃষি জমির মালিক জোসেফ তা প্রতিবাদও করতে পারছে না। তিনি বলছেন, ধানী চাষের জমিতে খামারের বর্জ্য আসার বিষয়ে অভিযোগ করলেই লম্বা কিরিচ হাতে নিয়ে মারতে আসেন খামারের মালিকরা। আমি অসহায়, দিনের আলোতে আমার লাখ লাখ টাকার আমন চাষের ধান চোখের সামনে খামারের বর্জ্যে ধ্বংস হচ্ছে। এমন দৃশ্য আমি নিজের চোখে দেখেও কোন বিচার পাচ্ছি না। স্থানীয় লোকজনের অভিযোগ, আশপাশের ধানী জমিতে রাতের আঁধারে বর্জ্য এবং নিষ্কাশিত পানি ফেলায় জমিগুলোতে এখন আর কোনো ধরনের ফসল উৎপাদন হচ্ছে না। আর এসব দূষিত বর্জ্য ও নিষ্কাশিত পানির দুর্গন্ধে অনেকেই এখন চাষাবাদ করছে না। মুরগির বর্জ্যের দুর্গন্ধ ও মশা-মাছির কারণে মুন্সীরবিল গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়াও পোল্ট্রি খামারের নিষ্কাশিত পানি ও বর্জ্য প্রতিনিয়ত মাটিতে ফেলায় একদিকে যেমন ধান নষ্ট হচ্ছে, অন্যদিকে মাটির মধ্যে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। মিথেন গ্যাস গাছের শিকড় নষ্ট করে ফেলে। আর এ কারণে ঐসব জমিতে কোনো ধরনের ফসল ফলানো সম্ভব হয় না। বিষাক্ত বর্জ্যের কারণে লোকজনের নানা ধরনের চর্মরোগ হচ্ছে। এর প্রতিকার চেয়ে গত ১৫ ডিসেম্বর নিজের জমি ধ্বংস ও এলাকাবাসীর পক্ষে ভূক্তভোগী জোসেফ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত